প্রধান অতিথির বক্তব্য রাখছেন আব্দুল আউয়াল মিন্টু।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, সরকার বিএনপিকে নির্বাচনে নেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করেছে কিন্তু তারা সফল হয়নি। এখন দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তারা এই সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। সরকার দেশ থেকে পালিয়ে যাবে। আমরা এই সরকারকে বিদায় করেই ঘরে ফিরব।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সিলেট নগরীর রেজিষ্ট্রারী মাঠে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই কালো পতাকা মিছিল করে বিএনপি।
সমাবেশে আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে দেশের অন্তত ৯৫ শতাংশ মানুষ ভোট কেন্দ্রে যায়নি। এটিই হচ্ছে বিএনপির সফলতা। ব্যাংক লুট থেকে শুরু করে সরকারের অপকর্মের কথা বলে শেষ হবে না। এই সরকার মানুষের ঘাড়ে চেপে বসেছে। এরা বেশি দিন থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। প্রশাসনের উচিত সরকারের সঙ্গ না দিয়ে জনগণের পক্ষে থাকা।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিভ পার্টির চেয়ারম্যান কারী আবু তাহের, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন প্রমুখ।
সমাবশে শেষ কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে কালো পতাকা নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা/জেএ




