সিলেটে ছাত্রলীগ কর্মী আরিফ হত্যা: অধরা কাউন্সিলর নিপুসহ আসামীরা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সিলেটে ছাত্রলীগ কর্মী আরিফ হত্যা: অধরা কাউন্সিলর নিপুসহ আসামীরা

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ০৮:৫০:০৩ পূর্বাহ্ন

সিলেটে ছাত্রলীগ কর্মী আরিফ হত্যা: অধরা কাউন্সিলর নিপুসহ আসামীরা

ফাইল ছবি


২০২৩ সালের ২০ নভেম্বর রাত ১২টার দিকে নগরীর বালুচরের টিবি গেইট এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন আরিফ। পরে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত দেড়টার দিকে মারা যান তিনি।

এর ২ মাস পেরিয়ে গেলেও সিলেটে ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ হত্যা মামলার এখনও অধরা প্রধান আসামিরা। এই মামলার প্রধান আসামি সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ধরা হচ্ছে না তাকে, রয়েছে এমন অভিযোগ। তবে পুলিশের ভাষ্য, আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তার করতে অব্যাহত আছে পুলিশি অভিযান।

নিহত আরিফ নগরীর টিভি গেইট এলাকার ফটিক মিয়ার পূত্র। জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম গ্রুপের সক্রিয় কর্মী ছিলেন তিনি। আরিফের বাবা ফটিক মিয়া অটোরিকশা চালান, তবে অসুস্থ থাকায় এখন বেকার। মা আঁখি বেগম বালুচর এলাকার রাজা মিয়ার কলোনিতে বাড়িতে বাড়িতে রান্নাবান্নার কাজ করে বর্তমানে সংসার চালাচ্ছেন। 

আরিফকে কুপিয়ে ফেলে যাওয়ার সময় দৌড়ে সেখানে গিয়েছিলেন মা আঁখি বেগম। সে সময় তিনি গণমাধ্যমকে বলেছিলেন, ‘ঘটনার পরপরই আমি সেখানে গিয়ে দেখেছি, সাদা পাঞ্জাবি পরে হিরণ মাহমুদ নিপু মোটর সাইকেলে উঠে চলে যাচ্ছেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আমি ছেলেকে সিএনজিচালিত অটোরিকশায় নিয়ে হাসপাতালের পথে রওনা হই। যাওয়ার পথে ছেলে আমাকে বলে- হিরণ মাহমুদ, রনি, মামুন, হেলালসহ ১৫-২০ জন মিলে আমার ওপর হামলা চালিয়েছে।’

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গত বছর অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ৩৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। তার নেতৃত্বেই আরিফকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের।

আরিফ হত্যার পর ২২ নভেম্বর আঁখি বেগম বাদী হয়ে সিলেটের এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় হিরণ মাহমুদসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৫ জনকে। মামলার আগে ও পরে চারজনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা এখনও রয়ে গেছে অধরা।

এদিকে, গত বছরের ২৮ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ হিরণ মাহমুদ নিপুকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়ে নিম্ন আদালতে আত্ম সমর্পণের নির্দেশ দেন, কিন্তুএখন পর্যন্ত আত্মসমর্পণ করেননি তিনি।

প্রধান আসামি নিপুসহ এই মামলায় আরও ৬ আসামির মধ্যে এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে। আসামিদের গ্রেপ্তার দাবিতে গত মঙ্গলবার (২২ জানুয়ারি) বালুচর পয়েন্টে মানববন্ধন করেন তারা।

মানবন্ধনে আঁখি বেগম অভিযোগ করে বলেন, ‘মামলার প্রধান আসামি নিপু প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন। তবুও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না।’

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মামলাটি ইতোমধ্যে ডিবিতে স্থানান্তর করা হয়েছে। প্রধান আসামি কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক