ট্রান্সজেন্ডারবাদ প্রচারের প্রতিবাদে শাবিতে মানববন্ধন। - জৈন্তা বার্তা
বাংলাদেশে ট্রান্সজেন্ডার মতবাদকে প্রচার করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ মানববন্ধন করে তারা।
এসময় শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি সপ্তম শ্রেণির বইয়ে শরিফ থেকে শরিফার গল্পের মাধ্যমে কোমলমতি শিশুদের মাঝে বিকৃত ট্রান্সজেন্ডার মতবাদকে প্রচার করা হচ্ছে। বাংলাদেশে ট্রান্সজেন্ডার মতবাদকে প্রমোট করার যে চেষ্টা করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তারা আরো বলেন, আমরা থার্ডজেন্ডার (হিজড়া) সম্প্রদায়ের বিরোধী নই।থার্ডজেন্ডার (হিজড়া) ও ট্রান্সজেন্ডার কখনোই এক জিনিস নয়। থার্ডজেন্ডার হলো তারা যাদের জন্মগত ত্রুটির কারনে শারীরিক গঠনে বৈচিত্র্য পরিলক্ষিত হয়। ট্রান্সজেন্ডার হলো যারা শারীরিক গঠনে ছেলে হয়েও নিজেকে মেয়ে ভাবা অথবা মেয়ে হয়েও নিজেকে ছেলে ভাবা। এটা শুধুমাত্র একটি মানসিক সমস্যা। তাই এটার জন্য অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন নয়, প্রয়োজন মানসিক চিকিৎসার।
ট্রান্সজেন্ডার প্রমোট করার মধ্য দিয়ে সমকামিতাকে নরমালাইজ করার পায়তারা করা হচ্ছে অভিযোগ করে এ চেষ্টা কখনোই সফল হবে না বলে হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা " আমার সোনার বাংলায় সমকামিতার ঠাঁই নাই, এলজিবিটিকিউ এর বিরুদ্ধে লড়াই করো একসাথে, মানিনা মানব না শরিফ থেকে শরিফা" ইত্যাদি স্লোগান দেয়।
জৈন্তাবার্তা/জেএ




