সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রিন গ্যালারির দৃশ্য। ছবি : মোবারক হোসেন পাপ্পু
নাম গ্রিন গ্যালারি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ গ্যালারি এটি। অথচ নামে গ্রিন হলেও, বর্তমানে সবুজের ছিটেফোঁটাও নেই তাতে। পুরোটাই ধুসর, ঘাসহীন আর ন্যাড়া। স্টেডিয়ামের সবচেয়ে আকর্ষণীয় অংশের অবস্থাই এখন সবচেয়ে বিবর্ণ।
আগেও কিছু ঘাস ছিল এ গ্যালারিতে। এখন তাও অবশিষ্ট নেই। পশ্চিম-উত্তর প্রান্তের টিলাসহ এ গ্যালারিটি প্রস্তুত করা হয়। কিন্তু অপরিকল্পিতভাবে টিলার মাটি কাটার ফলে পুরো গ্যালারি এবড়োথেবড়ো রূপ নিয়েছে। ফলে দর্শকদের কাছেও আকর্ষণ হারিয়েছে এ গ্যালারি।
বিপিএলের খেলা দেখতে আসা দর্শকদের অনেকেই জানান, গ্রিন গ্যালারির কারণে নান্দনিক এই স্টেডিয়াম। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আজ এই গ্রিন গ্যালারির বেহাল দশা।
দর্শকরা আরো জানান, গ্রিন গ্যালারিতো দেশে মাত্র একটাই। স্টেডিয়ামের মূল আকর্ষণ ছিল গ্রিন গ্যালারি। এটার সৌন্দর্য বৃদ্ধিতে সংশ্লিষ্টদের আরো যত্মশীল হওয়া দরকার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাশ গণমাধ্যমকে বলেন, মূলত শুষ্ক মৌসুমে ঘাস একটু কম থাকে। তাছাড়া খেলা শুরুর আগে গ্যালারি সবুজই ছিল। গ্যালারিতে যখন দর্শক ঢুকে তাদের হাঁটা-চলা, বসাতে ঘাস মরে যায়। আর যেহেতু ব্যাক টু ব্যাক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আমরা তো কাজ করতে পারছি না তারপরও আমরা যতটুকু সম্ভব দেখভাল করে যাচ্ছি।
জৈন্তাবার্তা/জেএ




