শাবিপ্রবিতে দুই দিনব্যাপী জবফেস্ট শুরু।
তিন শতাধিক পদ নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জবফেস্ট শুরু হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে ক্যারিয়ার ভিত্তিক সংগঠন ক্যারিয়ার ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী এ জবফেস্ট শুরু হয়। এবারের জবফেস্টে তিন শতাধিক পদে জনবল নিয়োগ দেবে ৩৫টি কোম্পানি।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। তিনি বলেন, এই মেলা থেকে আমন্ত্রিত কোম্পানিগুলো তাদের চাহিদা অনুযায়ী গ্রাজুয়েট নিতে পারবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা দক্ষ ও যোগ্য রয়েছে। এবারও যারা নিয়োগ পাবে, তারাও সে সুনাম ধরে রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
এবারের চাকরি মেলায় মেঘনা গ্রুপ, নাভানা গ্রুপ, লাফার্জহোলসিম, এপেক্স, হামিম গ্রুপ, ক্রাউন সিমেন্ট, বেঙ্গল গ্রুপ, প্রিমিয়াম ফিশ অ্যান্ড এগ্রো, আরএফএল, আড়ং, প্রাণ, বিএসআরএম, শেভরনসহ বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানি অংশ নিচ্ছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা, প্রক্টর, শিক্ষক সমিতির নেতৃবৃৃন্দ উপস্থিত ছিলেন।
এবার কোম্পানিগুলো এইচ আর, হিউম্যান রিসোর্সেস, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস, জুনিয়র ওয়েব ডেভলপার, নেটওয়ার্ক ইন্জিনিয়ার, ফুলস্ট্যাক ডেভলপার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, কাস্টমার রিলেশন অফিসার, ট্রেইনি ইন্জিনিয়ার, এক্সিকিউটিভ, ইউআই ডিজাইনার, কনটেন্ট রাইটার ইত্যাদি পদে তিন শতাধিক চাকরির অফার নিয়ে এসেছে।
জৈন্তাবার্তা/জেএ




