ছবি : নিজস্ব
আজ ৭৫তম ঐতিহাসিক নানকার কৃষক বিদ্রোহ দিবস। সিলেট অঞ্চলে জমিদারি প্রথার বিরুদ্ধে গৌরবময় কৃষক আন্দোলনের স্মৃতিবিজড়িত একটি দিন। দিবসটি উপলক্ষে সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের শানেস্বর গ্রামে অবস্থিত নানকার স্মৃতিসৌধ প্রাঙ্গনে নানা কর্মসূচি পালিত হয়।
রোববার সকালে নানকার বিদ্রোহের স্মৃতিবিজড়িত সুনাই নদী তীরবর্তী নানকার স্মৃতিসৌধে প্রথমে শহীদদের প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে কর্মসূচির সূচনা ঘটে। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানকার বিদ্রোহ স্মৃতি পাঠাগার, উলুউরি সমাজকল্যাণ সংগঠন ও বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ড।
পুস্প শ্রদ্ধা অর্পণ শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নানকার কৃষক বিদ্রোহকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ঐতিহাসিক নানকার দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং গৌরবোজ্জ্বল ইতিহাসকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তিকরণের দাবি জানানো হয়।
জৈন্তাবার্তা / জারা




