ছবি:সংগৃহীত
সিলেট নগরীতে বাসে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তা ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এয়ারপোর্ট থানাধীন নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল জানায়, গত সোমবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়ন পরিষদের সামনে সিলেট-কোম্পানীগঞ্জ রুটে চলাচলকারী ‘সাদা পাথর এক্সপ্রেস’ পরিবহনের দুটি বাসের পেছনের টায়ারে আগুন দেয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও তাঁদের সহযোগীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন গ্রুপে যুক্ত ছিলেন। এসব গ্রুপে যোগাযোগের মাধ্যমে তাঁরা সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও অপরাধ সংঘটনে জড়িত ছিলেন।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১৭ নভেম্বর দায়ের করা হয়; মামলা নম্বর ২৯।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সৈয়দ আব্দুল্লাহ আল-মাসুদ (২৫), সাবেক সহসভাপতি, সদর উপজেলা ছাত্রলীগ। তিনি এয়ারপোর্ট থানার লালবাগ বাছাটিলা এলাকার সৈয়দ মকসুদ হোসেনের ছেলে; আব্দুল কাদির বাপ্পি (২২), মহানগর ছাত্রলীগের উপসম্পাদক (উদ্যোক্তা ও উদ্ভাবনবিষয়ক)। তিনি এয়ারপোর্ট থানার ধোপাগুল এলাকার মফিজ মিয়ার ছেলে; মো. সৈয়দ শাকীব (২৫), ছাত্রলীগের সক্রিয় কর্মী। তিনি এয়ারপোর্ট থানার বড়শলা এলাকার সৈয়দ মাহবুবুর রহমান ও কুলসুমা বেগমের ছেলে; এবং মো. জাহেদ (২৩), ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাঁর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া থানার ব্রাহ্মণবাজার এলাকায়। তিনি বর্তমানে সিলেটের এয়ারপোর্ট থানার খাসদবীর এলাকায় বসবাস করেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




