ছবি নিজস্ব
ক্যাম্পাসের জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য সমৃদ্ধ করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছয়টি জলাশয়ে ১০০ কেজি মাছের পোনা ছাড়া হয়েছে
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনসংলগ্ন লেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিলেট জেলা মৎস্য কার্যালয় যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করে। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচিতে পোনা অবমুক্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস।
উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে ক্যাম্পাসের জীববৈচিত্র্য বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
এ উদ্যোগ সফল করতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফারুক মিয়া, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আক্তার, শাহপরাণ হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, বিজয়-২৪ হলের প্রভোস্ট আ. ফ. জাকারিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মনিরুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. বেলাল শিকদার, অতিরিক্ত হিসাব পরিচালক মোর্শেদ চৌধুরী, মহাবিদ্যালয় পরিদর্শক ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ফয়সল আহমেদ, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোখলেছুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছয়টি জলাশয়ে মোট ১০০ কেজি মাছের পোনা ছাড়া হয়েছে। এর মধ্যে আইআইসিটি ভবনসংলগ্ন লেকে ৪০ কেজি, কেন্দ্রীয় মসজিদের পাশের দুটি পুকুরে ৩২ কেজি, রুদ্র সেন লেকে ১৫ কেজি, বিজয়-২৪ হলের পুকুরে ১০ কেজি এবং দ্বিতীয় ছাত্রী হলের পাশের মসজিদসংলগ্ন পুকুরে ৩ কেজি পোনা অবমুক্ত করা হয়।
জৈন্তাবার্তা/আরআর




