ছবি: জৈন্তা বার্তা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের মিত্রিমহল গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তায় জনদুর্ভোগ চরমে। করচ গাছের মোড় থেকে দক্ষিণ পাড়া দিয়ে পার্শ্ববর্তী বহর গ্রাম পর্যন্ত এ রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবি ওঠেছে।
স্থানীয়রা জানান, বর্ষাকালে সামান্য বৃষ্টিতে এ সড়কে বেহাল অবস্থা দেখা দেয়। হাটুসমান কাঁদা মাড়িয়ে যাতায়াত করতে হয় সর্বস্তরের মানুষের। যানবাহনে চলাচল দূরের কথা হেঁটেও চলাচল করা যায় না।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিলেও রাস্তাটি পাকা করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ অবস্থায় রোগী নিয়েও কোনো গাড়ি সড়কটি দিয়ে যাতায়াত করতে পারে না। সম্প্রতি এ সড়কে গিয়ে দেখা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশাকে রাস্তার কাঁদায় আটকে গেছে। কয়েক জনকে ঠেলতে দেখা যায়। রাস্তার বিভিন্ন জায়গায় রয়েছে ছোট বড় গর্ত। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে যায়।
এই রাস্তার দুই পাশে বসবাসকারী লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এই এলাকায় হাজারের বেশি মানুষের বসবাস। এ পথেই রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি শিশু একাডেমি ও একটি মসজিদ। রাস্তা দিয়ে শত শত কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াত।
এছাড়াও এ রাস্তা দিয়ে সালুটিকর বাজার থেকে সদর উপজেলার উমাইরগাঁও মেঘারগাঁও বড়ফৌধ শিবের বাজারসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের চলাচল। ভুক্তভোগীরা জানান, জরুরি প্রয়োজনীয় মালামাল বহনে, মুমূর্ষু রোগী নিয়ে ও কোমলমতি শিক্ষার্থী এবং মসজিদের মুসল্লিদের যাতায়াতে রাস্তার এমন অবস্থার কারণে সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্হানীয় মুরব্বী হাজী আব্দুস সুবহান বলেন, ‘দীর্ঘ ২৫ বছর ধরে রাস্তার এই বেহাল দশা। এলাকার মানুষের একটাই দাবি রাস্তাটি পাকা করার। কিন্তু দুঃখের বিষয় নির্বাচন আসে, নির্বাচন চলে যায়। আশপাশের রাস্তার উন্নয়ন হলেও এ রাস্তার অবস্থার কোনো পরিবর্তন হয় না।
তিনি জানান, বিগত ২০ বছর আগে সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম
রাস্তার কিছু অংশে মাটি কাজ করছিলেন। তারপর আর কোন জনপ্রতিনিধির চোখ পড়েনি এই রাস্তায়।
হাজী কলমদর আলী নামের আরেক স্থানীয় বাসিন্দা বলেন, বর্ষা এলেই এই রাস্তায় চলাচলে ভোগান্তি বাড়ে। তা ছাড়া বছরের অন্য সময়েও যখনই বৃষ্টি আসে তখনই এই রাস্তার এমন অবস্থা হয় যে যান বাহন দূরে থাক হেঁটেও চলাচল করা যায় না। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, নির্বাচন এলে জনপ্রতিনিধিরা শুধু আশ্বাসই দেন। নির্বাচন চলে গেলে আর কারও খবর পাওয়া যায় না।তিনি জানান,প্রতি বছর পাড়ার যুবসমাজের কাছ থেকে টাকা চাঁদা করে পাড়ার মানুষের উদ্যোগে প্রতি বছর সংস্কার করা হয়। এইভাবে আমাদের কতদিন চলবে।
বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলী হায়দার বলেন, এই পথে সবচেয়ে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের নিয়ে যাতায়াতের সময়। শুকনো মৌসুমেও রাস্তার গর্তে যানবাহনের যে ঝাঁকুনি হয় তাতে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যেতে পারে। রোগীর কথা নাই বা বললাম। আর বৃষ্টি এলে, রাস্তার এমন অবস্থার কারণে রোগীদের হাসপাতালে নেওয়ার মতো গাড়িও পাওয়া যায় না।
মাওলানা রফিক আহমদ মহল্লী বলেন, এই পাড়ায় প্রায় দুই হাজার মানুষের বসবাস।যেখানে একটি মসজিদ একটি প্রাথমিক বিদ্যালয় সহ একটি শিশু একাডেমী রয়েছে।মসজিদের মুসল্লী ও কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতের কথা বিবেচনা করে স্হানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তা যান ও জনচলাচলের উপযোগী করতে এগিয়ে আসবেন এটাই তার প্রত্যাশা।
নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল বলেন, রাস্তাটি পাকাকরণের জন্য আমার চেষ্টার কমতি নেই। এই রাস্তার জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। দ্রুত এই রাস্তাটি পাকা না করলে জনগণের কষ্ট আরও বেড়ে যাবে।
গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারসহ গ্রামীণ রাস্তার অবকাঠামো উন্নয়নে বড় একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।সেটি যদি একনেকে পাশ হয়ে যায় তাহলে উপজেলার ৯০ ভাগ গ্রামীণ রাস্তার কাজ শেষ হয়ে যাবে।
SH




