ফাইল ছবি
সিসিকের কাজে দরপত্র প্রক্রিয়ায় নতুন সিস্টেম চালু হওয়ার পর থেকে একে একে নিঃস্ব হয়ে পড়ছেন স্বল্পপুঁজির ঠিকাদাররা। শুধু তারা নয়, তাদের ঠিকাদারী প্রতিষ্ঠানে কাজ করা সহস্রাধিক নির্মাণ শ্রমিকও বেকার হয়ে পড়ছেন। ফলে ঠিকাদারীতে আগ্রহ হারাচ্ছেন সংশ্লিষ্টরা। ঠিকাদারী ব্যবসায় সিলেটে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, প্রায় দেড় হাজার ঠিকাদারী প্রতিষ্ঠান রয়েছে সিসিকের তালিকায়। এসব ঠিকাদাররা সিসিকের প্রায় সবকটি দরপত্রে অংশ নিতেন। কারণ দরপত্র আহবান করা হতো এলটিএম পদ্ধতিতে। দরপত্রে অংশ নেওয়া ঠিকাদাররা টাকা দিয়ে দরপত্র কিনতেন এবং ব্যাংক থেকে পে-অর্ডার জমা দিতেন। দরপত্রের মূল্যের পুরো টাকাই পেতো সরকারের সংশ্লিষ্ট বিভাগ।
ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২১ সালের পর থেকে বেশিরভাগ দরপত্র আহবান করা হচ্ছে ওটিএম পদ্ধতিতে। ফলে বড় অংকের কাজের দরপত্রে অনেক ঠিকাদার অংশ নিতে পারেন না। কারণ এ পদ্ধতির দরপত্রে শর্ত জুড়ে দেওয়া হয়, যাদের পাঁচ/সাত কোটির টার্নওভার নেই তারা এইসব দরপত্রে অংশ নিতে পারবেন না। ফলে বড় অংকের দরপত্রে স্বল্প পুঁজির ঠিকাদাররা অংশ নিতে পারেন না।
সিসিকের প্রথম শ্রেণীর একজন ঠিকাদার নজরুল ইসলাম। বেশ কয়েকটি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করেছেন। মোটমুটি এ ব্যবসায় তিনি ভালোই করছিলেন। ওটিএম সিস্টেম আসার পর থেকে শুধু তিনি নন; কেউই ভালো নেই। উদাহরণ টেনে তিনি জানান, গত বছর মে মাসে উপশহর একটি সড়কে এসফল্টের কাজের জন্য সিসিক এক কোটি ৮২ লাখ টাকার টেন্ডার আহবান করে। কিন্তু দরপত্রের প্রক্রিয়া ওটিএম পদ্ধতিতে হওয়ায় তারা অংশ নিতে পারেননি।
কারণ হিসেবে তিনি বলেন, 'যাদের পূর্বের কাজে বড় ধরনের লেনদেন আছে, অথবা নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা লেনদেন আছে শুধু তারাই অংশ নিতে পারবেন বলে শর্তে উল্লেখ আছে। ফলে আমাদের মতো স্বল্প পূজির ঠিকাদাররা অংশ নিতে পারেননি। হাতেগোনা ৫/৭ জন আছেন তারাই এসব বড় কাজে অংশ নিচ্ছেন।'
যদি এই দরপত্র এলটিএম পদ্ধতিতে আহবান করা হতো তাহলে প্রায় শতাধিক ঠিকাদার অংশ নিতেন এবং সরকার প্রত্যেকের কাছ থেকে সিডিউলের মূল্য বাবদ টাকা পেত- বলছিলেন তিনি।
নজরুল ইসলাম বলেন, 'এখানে শুধু মাত্র ওটিএম পদ্ধতির কারণেই লাখ লাখ টাকা রাজস্ব থেকে সরকার বঞ্চিত হচ্ছে। আর লাভবান হচ্ছেন বড় পুঁজির কয়েকজন ঠিকাদার।'
কাজ না পাওয়ায় কেবল টিকাদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন নয়; শ্রমিকরা এখন বেকার হয়ে পড়ছেন। তিনি উল্লেখ করছেন, শুধু আমার কাজেই ২০/২৫ জন শ্রমিক লাগতো। এ রকম আরও ঠিকাদারদের শ্রমিক ছিল। কিন্তু বর্তমানে এসব শ্রমিকরা বেকার। তারা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
শুধু নজরুর ইসলাম নন; এ রকম প্রায় সহস্রাধিক ঠিকাদার এখন পথে বসতে শুরু করেছেন। তাদের দাবি আগের মতোই দরপত্র আহবান করা হোক। অধিক সংখ্যক ঠিকাদার অংশ নিবে, প্রতিযোগিতা হবে, সরকারও রাজস্ব পাবে। এমনটাই প্রত্যাশা সাধারণ ঠিকাদারদের।
ইমন আহমদ, লুহিত আহমদসহ একাধিক ঠিকাদারদের সঙ্গে আলাপকালে জানান, এখন এ ব্যবসায় ঠিকে থাকা দায়।রাগব-বোয়ালদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে ঠিকাদারী ব্যবসা। তাই সাধারণ ঠিকাদারকে রক্ষা করতে উদ্যোগ প্রয়োজন। ছোট ছোট কাজ আলাদাভাবে ছোট ছোট প্রকল্প আকারে দেওয়ার দাবি তাদের।
ঠিকাদারদের দাবি আগের মতো এলটিএম পদ্ধতিতে দরপত্র চালু করে ঠিকাদারদের যেন রক্ষা করা হয়। সিসিক আর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে এমন প্রত্যাশা অধিকাংশ ঠিকাদারদের।
SH




