শাবিতে সেমিনারে বক্তব্য দিচ্ছেন ইউজিসি চেয়ারম্যান ড. মুহাম্মদ আলমগীর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দ্বায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর দেশের মধ্যে গবেষক তৈরির জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
তিনি বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে তথ্য অধিকার বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘উচ্চতর শিক্ষার জন্য আমাদের শিক্ষার্থীরা বিদেশে যায়। দেশের মধ্যে গবেষণার ক্ষেত্র তৈরি এবং গবেষকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারলে তাদের বিদেশে যেতে হবে না।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তারা (শিক্ষার্থীরা) যেন দেশেই উচ্চতর শিক্ষার যথাযোগ্য সুযোগ পায় সেই ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এ জন্য তাদের পর্যাপ্ত পরিমাণে স্কলারশিপ, ডরমিটরি সুবিধা, পড়াশোনার পরিবেশসহ সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। তাহলে আমরা শিক্ষার্থীদের দেশের ভেতরেই গবেষক হিসেবে তৈরি করতে পারব।’ এ বিষয়ে এখনই জোর দেয়া প্রয়োজন বলে মনে করেন ইউজিসি চেয়ারম্যান।
সেমিনারে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভিন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সচিব ড. ফেরদৌস জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শাবির এপিএ কমিটির ফোকাল পয়েন্ট আ ফ ম মিফতাউল হক। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল মান্নান।
এছাড়াও শাবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, ইন্সটিটিউট প্রধান, এপিএ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
তথ্য অধিকার আইন বিষয়ে আব্দুল মান্নান বলেন, এটিই একমাত্র আইন যেখানে সরকার জনগণের কাছে দায়বদ্ধ। অন্যান্য সব আইন পালনের ক্ষেত্রে জনগণ দায়বদ্ধ থাকে।
এ সময় তিনি তথ্য অধিকার আইনের বিভিন্ন ধারা সম্পর্কে আলোচনা করেন।
SH




