ছবি : সংগৃহিত
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সিলেট নগরে মনিটরিং শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে এরই অংশ হিসেবে নগরের কালিঘাট, কাজির বাজার এবং রিকাবিবাজার এলাকায় বিভিন্ন আড়ৎ পরিদর্শন করেছে একটি দল।
পাইকারি ও খুচরা বিক্রেতাদের মধ্যে সমন্বয়, সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন- এসব বিষয় নিশ্চিত করতে এ টিম কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তা।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (গণমাধ্যম কর্মকর্তা) আহসানুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোবারক হোসেনের তত্ত্বাবধানে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। এ সময় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা প্রদান করা হয় এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য বলা হয়। এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
SH




