ছবি প্রতীকী
সিলেটের গোয়াইনঘাটে স্বামীর ঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা ৮ নং তোয়াকুল ইউনিয়নের জাঙ্গাইল (বীরকুলি) গ্রাম থেকে সেলিনা আক্তার (২৪) নামে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বামী সাইফুর রহমানের সাথে সেলিনার ঝগড়া হয়। ঝগড়া শেষে সেলিনা ও সাইফুর রহমান প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়েন। রবিবার সকালে ঘুম থেকে উঠে সাইফুর রহমান চিৎকার দিয়ে বাড়ির আশপাশের লোকজনকে ঝড়ো করে বলেন- তার স্ত্রী সেলিনা আক্তার গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন।
বাড়ির লোকজন জড়ো হয়ে দেখতে পান- সেলিনা আক্তারের দেহ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত। এসময় তারা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো হেলাল উদ্দিনকে খবর দিলে তিনি এ বিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেবকে অবগত করেন।
খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন, তোয়াকুল ইউনিয়নের জাঙ্গাইল (বীরকুলি) সেলিনা আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর সেলিনা আক্তারের মৃত্যুর বিষয়ে সঠিক তথ্য জানা যাবে।
ডিডি




