ছবি : প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সমাজসেবা অফিসে ভাতার কার্ড পেতে ভোগান্তি চরমে পৌঁছেছে। টাকা ছাড়া অফিসের কর্মচারিরা কাজ করতে অনীহা দেখান। এ নিয়ে উপকারভোগীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গত ১৮ সেপ্টেম্বর বয়স্ক ভাতার কার্ডের জন্য জগন্নাথপুর সমাজসেবা কার্যালয়ে যান পৌর এলাকার মৃত আসকর আলীর স্ত্রী শতবর্ষী জয়তেরা বিবি (১১০)। তিনি কয়েক বার অফিসে গেলেও সেবা পাননি। পরে, ভাতার কার্ড নিতে আসা এক মহিলা সুব্রতকে টাকা না দিলে কাজ হয় না বলে জানান। অনেক ঘুরাঘুরির পরও কাজ না হওয়ায় অফিসের কর্মচারী সুব্রত তালুকদারকে ৫০০ টাকা দিয়েছেন। এখনও ভাতার কার্ড পাননি।
স্থানীয়দের অভিযোগ, চতুর্থ শ্রেণির কর্মচারীরা প্রতিবন্ধী, বয়স্ক ভাতা ভোগীদের কার্ড দিতে টাকা ছাড়া কোনো কাজই করনে না। তাদের ব্যাপারে কেউ কথা বলতেও ভয় পান। কেউ প্রতিবাদ করলে তাকে আরও ভোগান্তিতে পড়তে হয়।
জগন্নাথপুর গ্রামের বাসিন্দা এক ব্যক্তি (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, মায়ের মরণোত্তর ভাতা পেতে অনেক হয়রান হয়েছি। অবশেষে মরণোত্তর ভাতার খরচ বলে বাবদ সুব্রত বাবু ১০০০ টাকা নিয়েছেন। এখনও কাজ করেননি।
সমাজসেবা অফিসের সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলে দীর্ঘদিন থেকে প্রতিটি বয়স্ক ও প্রতিবন্ধীর ভাতার কার্ডের আবেদনের বিপরীতে নির্দিষ্ট অংকের টাকা নিচ্ছে অফিসের কর্মচারী সুব্রত বাবু ও আনোয়ার হোসেন।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার বিলাল হোসেন বলেন, সমাজসেবা অফিসে বয়স্ক ভাতা বিধবা ভাতার কার্ড করতে কোনো ধরনের টাকা লাগে না। টাকা লেনদেনের বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, প্রতিটি সরকারি সেবা জনস্বার্থে নিরপেক্ষভাবে এবং দুর্নীতিমুক্ত রাখার চেষ্টা করি। সমাজসেবা অফিসের কর্মচারীদের বিষয়ে মানুষকে হয়রানির অভিযোগ আরও শুনেছি। এ বিষয়টি তাদের উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
SH




