ছবি : নিজস্ব
জৈন্তাপুরে অগ্নিনির্বাপণ সচেতনতা এবং বাজার ব্যবস্হাপনা নিয়ন্ত্রণ করতে বাজার মনিটরিং এ আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম।
রবিবার (২৪শে সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা সদরে সাপ্তাহিক হাট ও স্টেশন বাজার এলাকায় তিনি অভিযান পরিচালনা করেন।
এসময় বাজারের বিভিন্ন দোকান মুদি,ভুষি মনোহরি বিক্রেতাদের দোকান মনিটরিং করেন এবং পর্যাপ্ত অগ্নি নিরোধক ব্যবস্হার সার্বিক তদারকি করেন। এসময় লাইসেন্স কিংবা ফায়ার সার্ভিসের ছাড়পত্র বিহীন বেশ কয়েকটি দোকানে অবৈধ ভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য তাদের বিভিন্ন অংকে জরিমানা আদায় করা হয়।
সেই সাথে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের ক্ষেত্রে বাধ্যতামুলক লাইসেন্স করা সহ প্রয়োজনীয় অগ্নিনির্বাপন ব্যবস্হা রাখার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও প্রতিটি দোকানে বাধ্যতামুলক মূল্যতালিকা রাখতে এবং অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পন্য বিক্রয় না করার নির্দেশনা প্রদান করেন।
এসময় বাজার মনিটরিংএ নির্বাহী কর্মকর্তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ বায়েজিদ আহমেদ, জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মুহিবুর রহমান সহ পুলিশের টিম।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, যেকোন বড় বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি লক্ষ্য রাখতে হয় সেটা হলো পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্হা নিশ্চিত করা। সে লক্ষ্যে সিলেটের মান্যবর জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের দিকনির্দেশনা মোতাবেক বাজার ব্যবস্হাপনা স্বাভাবিক ও পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্হা রাখতে মনিটরিং জোরদার করা হয়েছে।
তিনি আরো বলেন অপরিকল্পিতভাবে যত্রতত্র লাইসেন্স ও সেফটিবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি না করতে আজ নির্দেশনা প্রদান করা হয়েছে। এ নির্দেশনা কেউ অমান্য করলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়া হবে। সেজন্য গ্যাস সিলিন্ডার বিক্রি ও প্রদর্শনের ক্ষেত্রে জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মাধ্যমে প্রয়োজনীয় কাগজাদী ও দিকনির্দেশনা মেনে চলার আহবান জানান তিনি।
এম সি




