ফাইল ছবি
জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়নে বিষপানে এক নারী আত্মহত্যা করেছেন। নিহত হেনা বেগম (১৯) উপজেলার চারিকাটা ইউনিয়নের উত্তর বাউরভাগ গ্রামের নেওয়াজ আলীর মেয়ে এবং দক্ষিণ বাউরভাগ গ্রামের সৌদি প্রবাসী শাহরিয়ারের স্ত্রী।
চারিকাঠা ইউনিয়নের কেলেসিং বাজারের মুদি ব্যবসায়ী নেওয়াজ আলী জানান, তার পাঁচ সন্তানের মধ্যে দুই ছেলে তিন মেয়ের মাঝে হেনা দ্বিতীয়। বছর তিনেক আগে একই ইউনিয়নের দক্ষিন বাউরভাগ গ্রামের তরিকুল ইসলামের সৌদি আরব প্রবাসী ছেলে শাহরিয়ারের সাথে তার বিয়ে হয়। রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিনি খবর পান হেনা বাড়িতে ধানক্ষেতে ছিটানোর জন্য রাখা কিটনাশক পান করেছে। এরপর পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে নিয়ে সিলেটে রওয়ানা দিলে পথে হরিপুর করিচেরপুল এলাকায় পৌছার পর তার মৃত্যু হয়।
নিহত হেনার সাথে তার শ্বশুরবাড়ীর লোকজন কিংবা স্বামী শাহরিয়ারের সাথে কোন মনোমালিন্য বা খারাপ সম্পর্ক ছিল না বলে নিশ্চিত করেন হেনার বাবা নেওয়াজ আলী।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মির্জা শাফায়াত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত হেনার সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
SH




