ফাইল ছবি
নগরের পাঠানটুলার পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিনগত রাত তিনটার দিকে আদিল আহমদ (২৯) নামের যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মসব্বিরের ছেলে। তিনি পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন।
তার মৃত্যু নিয়ে সচেতন মহলে নানা গুঞ্জন ও আলোচনা-সমালোচনা চলছে।
পুলিশ জানায়, ওই নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের দেওয়া খবরের ভিত্তিতে জালালাবাদ থানাপুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে। মাদকাসক্তের পাশাপাশি তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি আত্মহত্যা। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে আদিলের মৃত্যু আত্মহত্যা না নির্যাতনের কারণে মৃত্যু বা পরিকল্পিত হত্যাকাণ্ড- এ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, রিহ্যাব সেন্টার বা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার মতো সুযোগ থাকার কথা না। কেনো সেন্টারে এ ধরেনের সুযোগ থাকলে বুঝতে হবে ওই সেন্টার কর্তৃপক্ষ ভর্তিকৃতদের নিরাপত্তার ব্যাপারে উদাসীন।
রিহ্যাব সেন্টারে ৪ মাসের বেশি ভর্তি ছিলেন এমন একাধিক ব্যক্তির সাথে আলাপকালে জানা গেছে, মাদকাসক্তি নিরাময়ের নামে সিলেটের প্রায় সবগুলো রিহ্যাব সেন্টারে ভর্তিকৃত মাদকাসক্তদের শারীরিক ও মানসিক নির্যাতিন করা হয়।
রিহ্যাব সেন্টারগুলোতে ওষুধ এবং বড় বড় চিকিৎসকদের সাইনবোর্ড ঝুলিয়ে মাদকাসক্তদের অভিভাবকদের মিথ্যা আশ্বাস দিয়ে সেখানে মোটা অংকের টাকার বিনিময়ে ভর্তি করা হয়।
ভর্তির পর অসহনীয় শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। সেই নির্যাতন সহ্য করতে না পেরে অনেকেই সেন্টার ছেড়ে পালানোর চেষ্টা করে। আবার কেউ কেউ মুখবুজে সহ্য করে। কেউ সামান্য প্রতিবাদ করলেই তাকে উল্টো করে ঝুলিয়ে অসহনীয় শারীরিক নির্যাতন করা হয়।
সিলেটসহ দেশের বিভিন্ন রিহ্যাব সেন্টার বা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ইতোপূর্বে এ রকম মৃত্যুর ঘটনা ঘটেছে।
আদিলের মৃত্যু হত্যা না আত্মহত্যা- তা কেবল সঠিক এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে পারে এমনটা মনে করছেন স্থানীয়রা। তাদের দাবি, বিষয়টির সুষ্ঠ তদন্ত হোক এবং কেউ দোষী হলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক।
SH




