গোয়াইনঘাটে ফসলের মাঠে আমন পরিচর্যায় ব্যস্ত কৃষক। ছবি: প্রতিনিধি
সিলেটের উত্তর জনপদ গোয়াইনঘাট উপজেলায় এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনও আশা করছেন কৃষকরা। আবাদ পর্যাপ্ত হওয়ায় গোয়াইনঘাটের হাওরের চারদিকে দিগন্ত জোড়া সবুজ প্রান্তর। সবুজের সমারোহে চোখ যেন জুড়িয়ে যায়। সবুজ ধানের মাঝে পাখির রাজা ফিঙ্গের নাচানাচি চোখে পড়ছে।
উপজেলার প্রতিটি মাঠ এখন কৃষকদের পদভারে মুখরিত। ভালো ফলনের আশায় আমন ধান পরিচর্যায় কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। প্রতিটি মাঠে এখন আমন ধান পরিচর্যার মহোৎসব। কাক ডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ধান পরিচর্যার কার্যক্রম। কৃষকেরা ফসলের মাঠে আগাছা পরিষ্কার, সার প্রয়োগ ও পোকা থেকে ধানকে রক্ষা করতে কীটনাশক প্রয়োগ করছেন। তপ্ত দুপুরে ব্যস্ত কৃষকের শরীর থেকে যেন ঘাম নয় মুক্তা ঝরছে।
প্রতিটি মাঠ এখন কৃষকের সবুজ স্বপ্নে ছেঁয়ে গেছে। ক্ষেতের জমির মধ্যেখানে দাঁড়িয়ে থাকা কাকতাড়ুয়া এযেনো জীবন্ত মানুষের প্রতিচ্ছবি।কাকতাড়ুয়া আর সবুজ প্রকৃতি সবাইকে মুগ্ধ করে তুলেছে।আবাদি জমির ভিতর থেকে হঠাৎ করে বাটই পাখির উড়া জানান দিচ্ছে সোনালী ধানে ভরবে কৃষকের গোলা।সবুজ প্রকৃতি সুনীল আকাশ পড়ন্ত বিকেলে মৃদ হিমেল বাতাসে গোধূলি সন্ধ্যায় লাল সূর্যের আলোয় সারা দিনের ব্যস্ত ক্লান্ত পরিশ্রান্ত কৃষকের মুখে তৃপ্তির হাসি।
সবুজ ধানে পড়ছে শীতের হেমন্তের শিশির বিন্দু। যা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এ বছর আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ২৩৫ হেক্টর। অর্জন হয়েছে ১৭ হাজার ৮৩৩ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
এর মধ্যে বেশি সম্প্রসারণ (রোপন) হয়েছে পানি সহনশীল জাত ব্রি- ৫১-৫২,বি-আর ২২, ৮৭,৪৯ বিনা সেভেন১৭ সহ স্হানীয় জাতের ধান।
সরেজমিন ঘুরে দেখা যায়,তারা ধানের বন বাছাই নাড়াই সার ও কীটনাশক প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন।কৃষকরা জানান এই বছর ফলন অত্যন্ত ভালো হয়েছে।ফলনে তারা অত্যন্ত খুশি।
কৃষক তাহির আলী জানান, তিনি ১৬ বিঘা জমিতে বিভিন্ন জাতের ধান রোপন করেছেন। তার এপর্যন্ত খরচ হয়েছে ৬০ হাজার টাকা।তিনি বলেন ফসল অত্যন্ত ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুশি।
উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন,গোয়াইনঘাট উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় চারা রোপণ ও পরিচর্যায় কৃষকেরা সঠিকভাবে কাজ করতে পারছেন। আবহাওয়ার এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে এ মৌসুমে আমনের ভালো ফলন পাবেন বলে আশাবাদী তিনি।
SH




