ছবি : প্রতিনিধি
স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার্থীদের ডিজিটাল সনদপত্র প্রদানের সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।আগামী অক্টোবর থেকেই এ সেবা নিতে পারবেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল সনদ প্রত্যয়নকারী ‘রিলিফ ভ্যালিডেশন লিমিটেড সার্টিফায়িং অথোরিটি (আরভিএল সিএ)’ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে জানানো হয়, শিক্ষার্থীরা ডিজিটাল সনদের জন্য অনলাইনে আবেদন, উত্তোলন, ডিজিটাল স্বাক্ষরিত অনন্য পরিচয় বহনকারী সনদ পাবেন।’’
চুক্তি স্বাক্ষরের সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, আরভিএল সিএ’র পক্ষ থেকে পরিচালক শাফকাত মতিন, চিফ অপারেটিং অফিসার আনড্রেস রিথমুলার প্রমুখ।
এসময় উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘‘চুক্তির ফলে শিক্ষার্থীদের মাধ্যমে প্রাপ্ত ডিজিটাল সনদপত্র বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়, ভিসা ইস্যুকারী এম্বেসীসহ যেকোনো কর্তৃপক্ষ অবিলম্বে যাচাই করতে সক্ষম হবেন। দেশের প্রথম পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শাবির এই উদ্যোগটি ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ এর রূপকল্পকে নিঃসন্দেহে বেগবান করবে।’
তিনি জানান, আন্তর্জাতিক মানের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় ২০১৭ -২০১৮ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা এই ই-সাইন সনদের আওতায় আসবে।
অপরদিকে, শাবির সঙ্গে চুক্তির মাধ্যমে বাংলাদেশের শিক্ষাঙ্গন এক ‘নতুন যুগে প্রবেশ’ করেছে বলে মন্তব্য করেছেন আরভিএল সিএর পরিচালক শাফকাত মতিন।
A/B




