প্রতীকী ছবি
আওয়ামী লীগের নেতাকর্মীরা ছদ্মবেশে সংগঠিত হয়ে সহিংসতার পরিকল্পনা করতে পারে- এমন আশঙ্কায় ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
পুলিশের এই শাখাটি মনে করছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ঘিরে অনলাইন ও অফলাইনে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে। এই সময়ে সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা বা ভাঙচুরের আশঙ্কাও করছে তারা।
এই প্রেক্ষাপটে সোমবার দেশের সব পুলিশ ইউনিটে একটি সতর্কবার্তা পাঠিয়েছে এসবি। ডিএমপি কমিশনার, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ সব জেলার পুলিশ সুপারদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।
এসবির চিঠিতে বলা হয়েছে, “ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ বিবেচনায় নেওয়া হচ্ছে।’
চিঠিতে আরও বলা হয়, ফ্যাসিবাদী শক্তিগুলো এ সময়ে দেশব্যাপী উসকানিমূলক প্রচার চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করতে পারে। ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে বাধা বা উসকানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে।
এই পরিস্থিতিতে প্রতিটি ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক তৎপরতা পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম জোরালো করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মাঠে না থাকলেও অনলাইনে সক্রিয়। তারা ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউবভিত্তিক চ্যানেলের মাধ্যমে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে।
জৈন্তা বার্তা/আরআর




