ছবি নিজস্ব
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার গোদামপাড়ায় নতুন সেতুর নির্মাণকাজ চলায় বিকল্প হিসেবে বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছিল উপজেলা পরিষদ। কিন্তু টানা বৃষ্টিতে সেই বাঁশের সাঁকোর অবস্থা নড়বড়ে হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারও মানুষ। প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওই বাঁশের সাঁকো দিয়ে চলতে গিয়ে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। সম্প্রতি এক শিশু সাঁকো থেকে পানিতে পড়ে গেলে উপস্থিত মানুষের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
সরেজমিনে দেখা যায়, সাঁকোর বাঁশগুলো বৃষ্টিতে নরম হয়ে নড়বড়ে অবস্থায় আছে। এ পথে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। স্থানীয়রা জানান, সাঁকো পারাপারের সময় আতঙ্কে থাকতে হয়। বিশেষ করে শিশুদের জন্য চলাচল অত্যন্ত বিপজ্জনক।
স্থানীয় বাসিন্দা রমিজ আলী বলেন, এক শিশু সাঁকো থেকে পড়ে যাওয়ার পর থেকে সবাই আতঙ্কিত। সন্তানদের স্কুলে পাঠিয়ে সারাদিন দুশ্চিন্তায় থাকি।
রুস্তম আলী নামে এক বৃদ্ধ বলেন, জরুরি প্রয়োজন ছাড়া আর বাইরে যাই না। সাঁকোর কথা মনে পড়লেই ভয় লাগে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, বিষয়টি দুঃখজনক। দ্রুত পরিদর্শন শেষে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী সোহরাব হোসেন জানান, বৃষ্টিতে বাঁশ নরম হয়ে গেছে। দ্রুত নতুন বাঁশ দিয়ে সাঁকো মেরামত করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




