ডাকসু নিয়ে অমনোযোগী ছাত্রদল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

ডাকসু নিয়ে অমনোযোগী ছাত্রদল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৫ ০৪:৪৯:৫৪ অপরাহ্ন

ডাকসু নিয়ে অমনোযোগী ছাত্রদল

সংগৃহিত


ধীরে ধীরে এগিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (১২ আগস্ট) থেকে শুরু হয়েছে প্রার্থী মনোনয়ন ফরম বিতরণ। এটি চলবে আগামী এক সপ্তাহ পর্যন্ত। তবে মনোনয়ন ফরম বিতরণ শুরু হলেও এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচনী প্যানেল।

খোঁজ নিয়ে জানা গেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ছাত্রদল এখনো ধোঁয়াশায়। সংগঠনটির কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা এখনো জানেনই না, তারা কে কোন পদে নির্বাচন করতে পারবেন, প্রার্থীইবা হচ্ছেন কারা কিংবা কত সেশন থেকে দেওয়া হবে প্রার্থী।

ফলে এই অনিশ্চিত পরিস্থিতিতে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে এ সংক্রান্ত কোনো কাজই ঠিকঠাক করতে পারছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এর জন্য বিএনপির দলীয় হাইকমান্ডকে দুষছেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনটির কয়েকজন নেতাকর্মী অভিযোগ করে বলেন, ডাকসু নিয়ে বিএনপির হাইকমান্ডের তেমন কোনো মাথাব্যথা যে নেই, এটি স্পষ্ট। যদি তেমন চিন্তাভাবনা থাকতো তাহলে এতদিনে প্যানেল চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। প্যানেল চূড়ান্ত না করলেও যাদের প্রার্থী হিসেবে বাছাই করা হবে, তাদের অন্তত সিগন্যাল দিয়ে রাখতে পারতেন। সেটি করা হলে এখন সম্ভাব্য প্রার্থীরা সেভাবেই প্রস্তুতি নিতে পারতো।

তারা বলছেন, কিন্তু সেটি করা হয়নি। তার মানে বোঝাই যাচ্ছে, ডাকসুতে জয়-পরাজয়ে বিএনপির দলীয় হাইকমান্ডের তেমন কিছু যায় আসে না। এটা খুবই হতাশাজনক।

কোন সেশন থেকে ডাকসুতে প্রার্থী হবেন, সেটি নিয়েও সংগঠনের ভেতরে রয়েছে বেশ আলোচনা। সংগঠনের কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারা দাবি করছেন, ডাকসু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটিকে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হলে অভিজ্ঞ ও সিনিয়র নেতৃবৃন্দের প্রয়োজন। অন্যদিকে জুনিয়র নেতৃবৃন্দ এবং রেগুলার শিক্ষার্থীরা দাবি করছেন, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী রেগুলার শিক্ষার্থীদেরই প্রার্থী হওয়া প্রয়োজন।

জানতে চাইলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস কোনো মন্তব্য করতে রাজি হননি। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলকেও ফোনে পাওয়া যায়নি।

তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন শাওন জাগো নিউজকে বলেন, ‘এখনো আমাদের প্যানেল চূড়ান্ত হয়নি। এ নিয়ে আলোচনা চলছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক