আইসিইউতে নুর : ভে*ঙেছে চোয়ালের হাড়, মস্তিষ্কে র*ক্তক্ষরণ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩৩ PM

আইসিইউতে নুর : ভে*ঙেছে চোয়ালের হাড়, মস্তিষ্কে র*ক্তক্ষরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ১২:৪৪:৩১ PM

আইসিইউতে নুর : ভে*ঙেছে চোয়ালের হাড়, মস্তিষ্কে র*ক্তক্ষরণ

ছবি : সংগৃহীত


আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা গুরুতর। তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নুরুল হক নুর বর্তমানে ঢামেকের পুরাতন ভবনে আইসিইউতে চিকিৎসাধীন। তাকে অক্সিজেনের মাধ্যমে রাখা হয়েছে। ওনার শারীরিক অবস্থা গুরুতর। আঘাতের কারণে ওনার চোয়ালের হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এছাড়া চোখে রক্তজমাট আছে। হাসপাতালের নিউরো সার্জারি ও নাক-কান-গলা বিভাগ, আইসিইউ বিভাগের প্রধানসহ আরও কয়েকটি বিভাগের সিনিয়র চিকিৎসকদের একটি বোর্ড রাতেই নূরের চিকিৎসার বিষয়ে বিশ্লেষণ করেছেন। শনিবার (৩০ আগস্ট) নুরের আরেকটি সিটি স্ক্যান করে দেখা হবে মস্তিষ্কে রক্তক্ষরণের অবস্থা বেড়েছে না কমেছে।

নুরের চিকিৎসাসেবায় বর্তমানে তিনিসহ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সেখানে অবস্থান করছেন বলেও জানান ডা. মোস্তাক আহমেদ।

শুক্রবার রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে এ ঘটনা ঘটে। পরে দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে। লাঠিচার্জে গণঅধিকার নেতা নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

জৈন্তা বার্তা/আরআর