ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আজ প্রচারণার শেষ দিন। রোববার ৭ সেপ্টেম্বর সকাল থেকে নির্বাচনের প্রার্থীরা শুরু করেন আনুষ্ঠানিক প্রচারণা।
এদিন দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা জাতীয় সংগীত পরিবেশনের মাধমে শুরু করে আনুষ্ঠানিক শপথ পাঠ অনুষ্ঠান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপোষ না করার শপথ বাক্য পাঠ করেন ছাত্রদল সমর্থিত প্যানেল। একই সাথে রাষ্ট্রের প্রয়োজনে আবারও রাজপথে নামার শপথ বাক্য পাঠ করা হয়। পাশাপাশি গণরুম, গেস্ট রুম সংস্কৃতি ফিরিয়ে না আনা এবং নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নির্মাণের শপথ বাক্য পাঠ করেন।
আগামী ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন।
এদিকে, প্রার্থীদের দাবির মুখে ৮ কেন্দ্রেই বাড়ানো হয়েছে ভোট বুথ। ৭০০ থেকে বাড়িয়ে ৮১০টি বুথ করা হয়েছে।
নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বুথের সংখ্যা বাড়ানোর ফলে একজন শিক্ষার্থী ভোট দিতে ১০ মিনিট সময় নিলেও বিকেল ৪টার মধ্যেই ভোটগ্রহণ শেষ হবে। শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনতে বাসের সংখ্যাও বাড়িয়েছে প্রসাশন।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন।
জৈন্তাবার্তা / সুলতানা




