ছবি:সংগৃহীত
সিলেটের প্রবাসী বাংলাদেশিরা এবার দেশের সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এর ফলে দেশে না গিয়ে বিদেশ থেকেও তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, যা প্রবাসীদের জন্য গণতান্ত্রিক অংশগ্রহণকে আরও সহজ করবে।
নির্বাচন কমিশন (ইসি) আগামী ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করবে, যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। রোববার (৯ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
এর আগে অ্যাপটি ১৬ নভেম্বর উদ্বোধনের কথা থাকলেও নতুন তারিখ রাখা হয়েছে। ইসি সচিব জানান, ১৬ নভেম্বর রোববার হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে সাপ্তাহিক ছুটি থাকবে এবং একই দিনে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। এসব বিষয় বিবেচনা করে উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে।
ইসি আরও জানিয়েছে, এবার শুধুমাত্র প্রবাসী বাংলাদেশিরাই নয়, ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও পোস্টাল ভোট দিতে পারবেন। এজন্য আগেভাগে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে হবে। নিবন্ধন কার্যক্রম অ্যাপ চালু হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে।
অন্যদিকে, সংসদ নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচিও নির্ধারণ করবে ইসি।
একই সঙ্গে নির্বাচনের নিবন্ধন দাবিতে নির্বাচন ভবনের সামনে অনশনরত আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আইন অনুযায়ী প্রয়োজনীয় তথ্য আমরা দলটিকে চিঠির মাধ্যমে জানিয়েছি। তারা চাইলে আপিল করতে পারে এবং ঘাটতিগুলো পূরণ করতে পারে। আমরা অনুরোধ করছি, তারা যেন অনশন ভেঙে আইনগত প্রক্রিয়ায় ফিরে আসে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




