জৈন্তাপুরে ১১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় পণ্য জ/ব্দ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

যৌথ অভিযান

জৈন্তাপুরে ১১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় পণ্য জ/ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১১/২০২৬ ০৭:৩৯:৪৫ অপরাহ্ন

জৈন্তাপুরে  ১১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় পণ্য জ/ব্দ

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯) ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চা-পাতা, আতশবাজি ও একটি পুরোনো ভারতীয় মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের নুরুল উল্যাহ (৩৫), পিতা মৃত খয়রুল উল্যাহর বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে বসতঘর থেকে ১ হাজার ১০০ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা। এ ছাড়া ২ হাজার ১৫০ প্যাকেট ‘অতিথি ৭ সেন্টিমিটার ইলেকট্রিক স্পার্কলার্স’ (তারাবাতি), যার মূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা এবং ৫৫২ বাক্স ‘হ্যাপি ফায়ার ওয়ার্কস’ (তুফান চকলেট আতশবাজি), যার আনুমানিক মূল্য ৫৫ হাজার ২০০ টাকা।

এ ছাড়া উপজেলার হেমু হাউদপাড়া এলাকা থেকে আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের একটি পুরোনো ভারতীয় ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।

অভিযানের বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে এসআরবি-৯ ও জৈন্তাপুর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি একজনকে পলাতক আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

চোরাচালান ও অবৈধ পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ