বেনজীরের দুর্নীতি মামলায় ৪৭ সাক্ষীর সাক্ষ্য শেষ, যুক্তিতর্ক ২৫ নভেম্বর
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

বেনজীরের দুর্নীতি মামলায় ৪৭ সাক্ষীর সাক্ষ্য শেষ, যুক্তিতর্ক ২৫ নভেম্বর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৬ ০৬:৫৭:০৮ অপরাহ্ন

বেনজীরের দুর্নীতি মামলায় ৪৭ সাক্ষীর সাক্ষ্য শেষ, যুক্তিতর্ক ২৫ নভেম্বর

সংগৃহীত


পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার বিচারিক কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে।

মামলায় তদন্ত কর্মকর্তাসহ সর্বশেষ চারজনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে ৪৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষ করেছেন আদালত। আগামী ২৫ নভেম্বর মামলাটির যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে চার সাক্ষী জবানবন্দি দেন। তবে বেনজীর আহমেদ পলাতক থাকায় তার পক্ষে সাক্ষীদের জেরা করা সম্ভব হয়নি।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় নির্ধারিত ৪৭ জন সাক্ষীর সবার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এখন যুক্তিতর্ক শুনানি হবে।

সর্বশেষ সাক্ষ্য দেওয়া চারজন হলেন- কুমিল্লা গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সৌমিত রায়, বান্দরবানের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুয়েল মজুমদার, কক্সবাজার উত্তর বন বিভাগের পরিচালক জহিরুল রহমান এবং মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম।

এর আগে গত ৩ মে একই আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে তার বিদেশে সম্পদ কেনার বিষয়ে নতুন তথ্য পাওয়ার কথা জানিয়ে সম্পূরক অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।

দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালামের ভাষ্য অনুযায়ী, বেনজীরের যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার বিষয়ে ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য আগের অভিযোগপত্রে ছিল না। তদন্তে নতুন তথ্য পাওয়ার পর অর্থের পরিমাণ ও সাক্ষীর সংখ্যা বাড়িয়ে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।

দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মামলাটি করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থপাচারের অভিযোগে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়, সম্পদ বিবরণীতে বেনজীর আহমেদ ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর এবং ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের তথ্য দিয়েছিলেন। কিন্তু তদন্তে তার নামে মোট ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। বৈধ আয় ও ব্যয়ের হিসাব সমন্বয়ের পর তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকা বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, অবৈধভাবে অর্জিত অর্থের উৎস ও মালিকানা আড়াল করতে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসাপ্রতিষ্ঠান এবং যৌথ মূলধনি প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে।

এদিকে গত ৭ অক্টোবর তদন্ত কর্মকর্তা আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দেন। এতে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও মেয়ের নামে দেশে-বিদেশে ৭৮ কোটি ৪০ লাখ ১৬ হাজার ৮৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা