অবরোধ প্রত্যাহারের পর গাড়ি চলাচলের দৃশ্য।
অবশেষে ৫ ঘন্টা ৩৮ মিনিট পর সিলেটে হঠাৎ ডাকা সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯:৩৮ মিনিটে দিকে তারা প্রত্যাহারের ঘোষণা দেন।
বিষয়টি দৈনিক জৈন্তা বার্তাকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
অবরোধ প্রত্যাহার হলেও সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট। সড়কগুলোতে যানজট ছাড়াতে কাজ করছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার বিকাল ৪টার দিকে হঠাৎ দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে প্রথম সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ট্রাক শ্রমিকরা। তারা দাবি করেন- র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ তাদের চারজন শ্রমিক নেতাকে ধরে নিয়ে গেছে। সিলেটের গোলাপগঞ্জ থেকে দুজন ও দক্ষিণ সুরমা থেকে দুজনকে ধরে নিয়ে যাওয়া হয়। তাদের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে।
সন্ধ্যার পরপরই টিলাগড়-মেজরটিলায় সিলেট-তামাবিল সড়ক, এয়ারপোর্ট রোড, গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কসহ জেলার বিভিন্ন সড়ক অবরোধ করে ফেলেন শ্রমিকরা। এতে এসব সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ। বিশেষ করে ঘণ্টার পর ঘণ্টা পর যানজটে থেকে চরম কষ্টের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধরা। এছাড়াও শ্রমিকরা আটকে রাখেন অনেক রোগীবাহী অ্যাম্বুলেন্স। এতে রোগীরা হয়ে পড়েন আরও অসুস্থ। উপায় না দেখে অনেকে গাড়ি থেকে হেটে গন্তব্যে যেতে দেখা যায়।
জৈন্তাবার্তা/জেএ




