ছবি : নিজস্ব
সিলেটের গোয়াইনঘাটে একটি ব্রিজের অভাবে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিনিয়ত পারাপার হচ্ছে স্কুল, মাদরাসা ও মক্তবের কয়েকশত কোমলমতি শিক্ষার্থীসহ এলাকাবাসী।
উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের মধ্যবর্তী স্হানে কান্দিগ্রাম হাকুর খালের উপর নির্মিত ঝুঁকিপূর্ণ এ বাঁশের সাঁকোটি এলাকাবাসীর পারাপারের একমাত্র সম্বল। কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ এ বাঁশের সাঁকোর স্থানে অতি দ্রুত ব্রিজ বা কালভার্ট নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি এলাকাবাসীর।
স্থানীয়রা জানান, উপজেলার লামাদুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনসুর মহসিন ডৌবাড়ী উচ্চবিদ্যালয় এবং হাকুর বাজার মাদ্রাসা ও মসজিদে সকালের মক্তবে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের একটি বড় অংশ জীবনের ঝুঁকি নিয়ে এ সাঁকোর উপর দিয়ে প্রতিদিন চলাচল করে থাকে। এছাড়া এলাকাবাসী চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে উপজেলা সদরসহ পার্শ্ববর্তী হাকুর বাজার এবং ইউনিয়ন পরিষদে যাতায়াতের জন্য এই সাঁকোটি ব্যবহার করে থাকেন। ফলে নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। বিষয়টি স্থানীয় জন প্রতিনিধিদের বহুবার অবহিত করা হলেও অদ্যবধি তারা কোন পদক্ষেপ গ্রহণ করেননি।
স্থানীয় সমাজকর্মী মাও. দেলওয়ার হোসাইন জানান, 'সাঁকোটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ার পরও অবিভাবকরা বাধ্য হয়ে ছেলে মেয়েদের এই বাঁশের সাঁকো পার করে স্কুল, মাদরাসা ও মসজিদে সকালের মক্তবে পাঠান।
শিক্ষার্থীরা জানায়, ঝুঁকিপূর্ণ এ সাঁকোটি পারাপার হতে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। অনেক শিক্ষার্থী পা পিছলে সাঁকো থেকে খালের পানিতে পড়ে বইপত্র নষ্ট ও আহত হলেও ঝুঁকিপূর্ণ এ সাঁকোর স্থানে এখনও ব্রিজ বা কালভার্ট নির্মাণের ব্যবস্থা করা হয়নি।
এ ব্যাপারে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. নিজাম উদ্দিন বলেন, কোমলমতি শিক্ষার্থী ও 'এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে জরাজীর্ণ এই বাঁশের সাঁকোটির পরিবর্তে একটা কালভার্ট বা ব্রীজ নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খুব শীগ্রই এখানে ব্রীজ নির্মাণ করা হবে।
এম সি




