ভারতীয় ভিসায় এলো যেসব পরিবর্তন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ভারতীয় ভিসায় এলো যেসব পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৬ ০১:০৪:১৯ অপরাহ্ন

ভারতীয় ভিসায় এলো যেসব পরিবর্তন


আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য আনা এবং আবেদন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ভিসা ব্যবস্থায় ব্যাপক সংস্কার এনেছে ভারত। এই সংস্কারে দেশটির ভিসার ক্যাটাগরি ও উপশ্রেণি কমিয়ে আনা হয়েছে। ফলে ভিসা আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য দেওয়ার ঝামেলা কমার পাশাপাশি প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করছে দেশটির সরকার।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগের ১৩টি প্রধান ভিসা ক্যাটাগরি থাকলেও নতুন নিয়মে তা কমিয়ে ৯টি করা হয়েছে। একই সঙ্গে ৪৯টি উপশ্রেণি থেকে কমিয়ে ২৩টিতে আনা হয়েছে। ভিসা আবেদনের ফরমেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। নতুন ২৩টি উপশ্রেণির আবেদন ফরম থেকে প্রয়োজনীয় তথ্যের ঘর বা কলাম ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। এতে আবেদনকারীদের অপ্রয়োজনীয় তথ্য সরবরাহের বাধ্যবাধকতা কমবে।

নতুন নিয়মের নয়টি প্রধান ভিসা ক্যাটাগরি হলো- ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নতুন ভিসা কাঠামোয় কূটনীতিক, সাংবাদিক, জাতিসংঘের কর্মকর্তা এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের জন্যও নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ভিসার ব্যবস্থাও বহাল রাখা হয়েছে।

মন্ত্রণালয় আরও বলছে, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখা এবং আবেদনকারীদের ভোগান্তি কমাতেই এই সংস্কার করা হয়েছে। বর্তমানে নতুন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ভিসা-সংক্রান্ত প্রযুক্তিগত ও আইটি ব্যবস্থার হালনাগাদের কাজ চলছে।

‘টুরিস্ট ভিসা’ থেকে ‘ভিজিটর ভিসা’, ভিসায় মেয়াদ ১০ বছর পর্যন্ত

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, নতুন ব্যবস্থায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পর্যটক ভিসায়। আগে যা ‘টুরিস্ট ভিসা’ নামে পরিচিত ছিল, এখন সেটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’।

সংশ্লিষ্টরা বলছেন, শুধু পর্যটন নয়, স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, ওয়েলনেস কার্যক্রম এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্পের স্বল্পমেয়াদি কোর্সেও অংশ নেওয়া যাবে এই ভিসায়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২ এই দুই ভাগে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। আর আবেদনকারীর যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ হতে পারে এক, পাঁচ অথবা ১০ বছর। দীর্ঘমেয়াদি পর্যটন ও পর্বতারোহণের ক্ষেত্রেও এই ভিসা ব্যবহার করা যাবে বলেও জানায় দেশটি।

বিশেষ সুবিধা থাকছে চিকিৎসা ও শিক্ষার্থী ভিসায়ও

পর্যটকদের পাশাপাশি চিকিৎসাসেবা নিতে ভারতে যাওয়া বিদেশিদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। উভয় ভিসার মেয়াদ সাধারণত এক বছর এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।

রোগীদের সঙ্গে যাওয়া স্বজন বা সহকারীদের জন্যও থাকছে আলাদা ব্যবস্থা। সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এম-২ এবং আয়ুশ চিকিৎসার ক্ষেত্রে এম-৪ ভিসা দেওয়া হবে। এতে রোগী ও তাদের সহকারীদের বারবার নতুন করে ভিসার আবেদন করার প্রয়োজন কমবে।

এদিকে, শিক্ষার্থীদের জন্যও ভিসার ধরন নির্দিষ্ট করা হয়েছে। স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য এস-১ এবং পিএইচডি, গবেষণা, ভিজিটিং শিক্ষক ও ইন্টার্নশিপের জন্য এস-২ ভিসা দেওয়া হবে।

এ ছাড়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা ই-এস১ ভিসা পাবেন। এই ভিসার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর অথবা সংশ্লিষ্ট কোর্সের মেয়াদ পর্যন্ত হতে পারে। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।

পরিবর্তন আসছে বিজনেস ভিসায়ও

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, নতুন নিয়মে ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২ দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগ ও ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে ব্যবহার করা যাবে বি-১ ভিসা। আর স্বল্পমেয়াদি ব্যবসায়িক চুক্তি, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট কাজে বি-২ ভিসা দেওয়া হবে।

এ ছাড়া ভারতীয় কোম্পানিতে যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ, উৎপাদন কার্যক্রম এবং তথ্যপ্রযুক্তি সহায়তা দিতে যাওয়া বিদেশি কারিগরি বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে।

ই-ভিসার মাধ্যমে বি-২ শ্রেণির আওতায় ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পাওয়ার সুযোগ থাকবে বলেও জানায় দেশটি।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা