ছবি:সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। আগামী দিনে সিলেট নগরীতে কোনো কাঁচা সড়ক থাকবে না। অপ্রশস্ত ও ভাঙাচোরা সব সড়ক পর্যায়ক্রমে সংস্কার ও প্রশস্ত করা হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমার পুরাতন রেলওয়ে স্টেশন রোড এলাকায় সড়ক ও ড্রেনের চলমান উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির নগরীর উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিলেটের চেহারা বদলে দিতে কাজ করছেন। নগরীর সড়ক সংস্কারে বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়িত হলে নগরীর সব এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হবে। কোনো এলাকা অনুন্নত থাকবে না।
তিনি বলেন, বর্তমানে নগরীতে জনসংখ্যা ও যানবাহনের চাপ বাড়ছে। এ অবস্থায় ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়ে সড়কগুলো প্রশস্ত করা হচ্ছে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে প্রতিটি সড়কের দুই পাশে আগে ড্রেন নির্মাণ করা হচ্ছে। সড়ক প্রশস্তকরণের জন্য যারা স্বেচ্ছায় নিজেদের ভূমি ছেড়ে দিচ্ছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
পরিদর্শনকালে সিসিকের সহকারী প্রকৌশলী লিপু সিংহ ও উপসহকারী প্রকৌশলী দেবব্রত দাশ তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে সিসিক প্রশাসক ৯ নম্বর ওয়ার্ডের মদিনা মার্কেট এলাকায় ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারি, সহকারী প্রকৌশলী কামরুজ্জামান কামরুল, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেনসহ সিসিকের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




