ছবি:সংগৃহীত
সিলেটের জালালপুরে ২৬ জন বিদেশি চিকিৎসকের অংশগ্রহণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা চিকিৎসকেরা এ কর্মসূচিতে স্থানীয় রোগীদের চিকিৎসাসেবা দেন।
বুধবার (১৮ নভেম্বর) জালালপুরের কাদিপুরে শামছুন্নেছা ওমেন্স কলেজে তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
কর্মসূচি আয়োজনে ছিলেন তাফিদা রাকিব ফাউন্ডেশনের অ্যাডভাইজার ও কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওয়াজিদ হাসান সেলিম (বিইএম), কবির আহমদ, গিয়াস উদ্দিন ও মামুনূর রশিদ।
আয়োজক সূত্রে জানা যায়, তাফিদা রাকিব ফাউন্ডেশন এর আগেও দুইবার বিদেশি চিকিৎসকদের নিয়ে বাংলাদেশে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। এরই ধারাবাহিকতায় এবারও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা চিকিৎসকদের নিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়।
শহরের কাছাকাছি গ্রামীণ জনপদ জালালপুরে এ ধরনের আন্তর্জাতিক চিকিৎসাসেবা কর্মসূচি স্থানীয় মানুষের জন্য বিশেষ সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে এলাকার সাধারণ মানুষ বিদেশি চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা নেওয়ার সুযোগ পেয়েছেন। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




