সংগৃহীত
নীলফামারীর সৈয়দপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন আব্দুর রাজ্জাক নামের এক প্রধান শিক্ষক।
আজ সোমবার ঢাকা থেকে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।
জানা যায়, আব্দুর রাজ্জাক তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় এক ছিনতাইকারী তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। ট্রেনের গতি কম থাকায় ছিনতাইকারীকে ধরতে নিচে নামার চেষ্টা করেন তিনি। এ সময় ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের সঙ্গে সজোরে আঘাত পান আব্দুর রাজ্জাক। এতে তার হাত, পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে রংপুরে নেওয়ার পথে মৃত্যু হয়।
নিহত আব্দুর রাজ্জাক ভাউলাগঞ্জ শাহাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ভাউলাগঞ্জ প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জৈন্তাবার্তা/ সুলতানা




