সংগৃহীত
বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার সঙ্গে কারও সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ পেলে এক মুহূর্তও দেরি করব না। সিন্ডিকেটে তুলে প্রয়োজনীয় প্রক্রিয়ায় তার চাকরিচ্যুতির ব্যবস্থা করব বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সারা দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংঠনের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বিশেষ করে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ রক্ত দিয়েছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক পরিবেশ কোনোভাবেই নৈরাজ্য ও অস্থিতিশীলতার কাছে জিম্মি হতে পারে না। শাবিপ্রবি পরিবার যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ।’
‘উপাচার্য হিসেবে স্পষ্টভাবে বলতে চাই, এই বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার সঙ্গে কারও সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ পেলে এক মুহূর্তও দেরি করব না। বিষয়টি সিন্ডিকেটে উত্থাপন করে প্রয়োজনীয় প্রক্রিয়ায় তার চাকরিচ্যুতির ব্যবস্থা করব।’
উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের অতীত ইতিহাস দেখুন। ২০০৪ ও ১৯৯৬ সালে এরা অগ্নিসংযোগ করে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছিল। তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। আমরা যেখানেই সন্ত্রাস দেখব সেখানেই প্রতিহত করব, ঝাঁপিয়ে পড়ব।’ গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফ উদ্দিন বলেন, ‘কেউ দেশে ফিরতে চাইলে আইন-আদালতের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য তুলে ধরুক, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তা না করে অকারণে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার নিন্দা জানাই।
তিনি আরো বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া উচিত। আগামী পাঁচ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সমর্থন পেলে যে কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারে। বাংলাদেশ কোনো একনায়কতন্ত্র বা রাজতন্ত্রের দেশ নয়; এটি গণতান্ত্রিক দেশ। আমরা সাধারণ মানুষ শুধু শান্তি ও স্থিতিশীলতা চাই।’
বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ আশরাফ সিদ্দীকির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ভৌতবিজ্ঞান অনুষদের ডিন আহমেদ কবির চৌধুরী, ইনস্টিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক সালমা আক্তার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক সাইফুল ইসলাম। এছাড়া কর্মসূচিতে প্রক্টর মোখলেসুর রহমান, বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ আ ফ ম জাকারিয়া, কেন্দ্রীয় গ্রন্থাগার প্রশাসক মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়া কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত হয়ে সমর্থন জানায়।
জৈন্তাবার্তা/ সুলতানা




